ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র প্রথম ডিজি সাইদ নূর আলম

২০ আগষ্ট, ২০১৯ ১৯:৪৩  
ডিজিটাল নিরাপত্তা এজেন্সির প্রথম মহাপরিচালক হলেনন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রশাসন ও অর্থ বিভাগের সদস্য (অতিরিক্ত সচিব) মো: সাইদ নূর আলম। মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এই নিয়োগ দেয়া হয়। নিয়োগ অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত তথ্য-উপাত্ত ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করলে তা অপসারণ বা ব্লক করার জন্য বিটিআরসিকে অনুরোধ করতে পারবেন এজেন্সির মহাপরিচালক। প্রসঙ্গত, গত বছরে ৮ অক্টোবর ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ করার পর সেখানে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠনের কথাও বলা হয়। এজেন্সিতে একজন মহাপরিচালক ও দু’জন পরিচালকের পদ রয়েছে। প্রাথমিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ) মো. রাশেদুল ইসলামকে দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর সাইদ নূর আলমকে এজেন্সির প্রথম নিয়মিত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো। এই ক্ষমতা বলে তিনি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য-উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জনশৃঙ্খলা ক্ষুণ্ন করে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করে তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তা ব্লক বা অপসারণের জন্য বিটিআরসিকে অনুরোধ করতে পারবেন।